প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 4, 2026 ইং
বন্দরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন ঢাকেশ্বরী এলাকায় নিখোঁজ হওয়ার চার দিন পর মোতালেব মিয়ার পুকুর থেকে মাসুদ রানা (৩৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকেশ্বরী মেইন রাস্তার পাশে ১ নং ডকইয়ার্ড সড়ক সংলগ্ন পুকুরটি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা বন্দর থানার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন বেলা ১২টার দিকে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাসুদ রানা। ওই দিন রাত ১১টার দিকে তিনি রিকশা গ্যারেজে রেখে আসলেও আর বাড়ি ফিরে যাননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ ছিল।
পরবর্তীতে মাসুদ রানা স্ত্রী সুমা আক্তার জানতে পারেন যে, ওই দিন রাত ১২টার দিকে তার স্বামীকে ঢাকেশ্বরী বাজার এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মোটরসাইকেলে চড়ে যেতে দেখা গিয়েছিল।
এই ঘটনায় গত ১ জুলাই মাসুদ রানা স্ত্রী সুমা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
সকালে এলাকাবাসী ঢাকেশ্বরী এলাকার মোতালেব মিয়ার পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন তালুকদার ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করেন।
পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লাশ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিহতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট